
জনপ্রিয় ডেস্ক: তিনদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি পৌঁছেছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় তিনি
আবুধাবি বিমানবন্দরে পৌঁছান। বাসস
জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী
তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ
খান মেনন, তিন বাহিনীর প্রধানেরা এবং উচ্চপর্যায়ের সামরিক ও
বেসামরিক কর্মকর্তারা এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র
মন্ত্রণালয় সূত্র জানায়, তিনদিনের এ দ্বিপাক্ষিক সফরকালে প্রধানমন্ত্রী
ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, জাতির
মাতা, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ
কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর
আগামীকাল আবুধাবিতে জাতির মাতা শেখ ফাতিমা, যুবরাজ
মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল
নাহিয়ানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। শেখ হাসিনা আবুধাবিতে বাংলাদেশী কমিউনিটির
দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী
ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের
শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে বৈঠক করতে সোমবার দুবাই যাবেন।
এছাড়া প্রধানমন্ত্রী রাস আল-খাইমাহ (আরএকে) সফর করবেন এবং সেখানে তিনি রাস
আল-খাইমাহ’র শাসক শেখ সৌদ বিন আকর আল কাশিমির সঙ্গে বৈঠক
করবেন। প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি
ফ্লাইটে সোমবার রাতে দেশে ফিরবেন।
পররাষ্ট্র
মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে
বাণিজ্য, জনশক্তি ও বিনিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি ও
সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এ
ক্ষেত্রে দু’দেশের মধ্যে যেসব চুক্তি স্বাক্ষরিত হতে পারে,
সেগুলোর মধ্যে রয়েছে ফরেন অফিস কনসাল্টেশন সমঝোতা স্মারক, জনশক্তি
রফতানি পুনরায় চালু করতে ইউএই’র একটি আউটসোর্সিং কোম্পানির সাথে সমঝোতা স্মারক,
দন্ডপ্রাপ্ত আসামি বিনিময় এবং বিনিয়োগ সুরক্ষা ও সম্প্রসারণ সংক্রান্ত
চুক্তি।
সফরকালে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউএই’র আল-নাহিয়ান ফাউন্ডেশন কর্তৃক একটি হাসপাতাল
স্থাপন, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত
গমনাগমন চুক্তি, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক সমঝোতা
স্মারক এবং ইউএই দূতাবাসের জন্য ঢাকায় এক খণ্ড জমি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত
হওয়ার কথা রয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন