জনপ্রিয় ডেস্ক : আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ফেনীতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
করেছে সরকার সমর্থকরা। অন্যদিকে হরতাল অবরোধে নাশকতা আশঙ্কায় পুলিশ বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে। সোমবার সন্ধ্যায়
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু বাড়িতে হামলা করে সরকারি দলের নেতাকর্মীরা। এ
সময় দেলোয়ার হোসেন দেলুর ভাই উপজেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন ও রফিকুল ইসলাম
বাবুলকে পিটিয়ে আহত করা হয়। দেলোয়ার হোসেন দেলু অভিযোগ
করেন, সোমবার সন্ধ্যায় পাঁচগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা
আনোয়ার হোসেন মানিকের নেতৃত্বে সরকারী দলের নেতাকর্মীরা তার বাড়িতে হামলা করে। এ
সময় তার বাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং ঘরের দরজা-জানালা ভাঙচুর করে তারা। এর
আগে, পাঁচগাছিয়া বাজারে একটি ফার্নিচারের দোকানে তার বড় ভাই উপজেলা শ্রমিক
দলের সভাপতি আলাউদ্দিন ও রফিকুল ইসলাম বাবুলকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের
নেতাকর্মীরা। পরে বাজারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান
তিনি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের জানান, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীরা রোববার রাতে পৌর ছাত্রদলের আহ্বায়ক নূর ইসলামকে
গ্রেপ্তারের জন্য তার পশ্চিম রামপুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে বাড়িতে না
পেয়ে ঘরের আসবাপত্র ভাঙচুর করে।
একই রাতে সদর উপজেলা ধর্মপুর
ইউনিয়নের মজলিশপুর গ্রামে উপজেলা ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন পাটোয়ারীর বাড়িতে
হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ
ব্যাপারে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সদস্যরা আসামিদের গ্রেপ্তারের জন্য পৃথক পৃথক ভাবে অভিযান চালালেও যৌথভাবে কোনো
অভিযান পরিচালনা করা হচ্ছে না। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা বা ভাঙচুরের
বিষয়ে তিনি অবগত নন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন