জনপ্রিয় ডেস্ক : আওয়ামী লীগের
উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপিকে
লিখিত দিতে হবে জঙ্গিবাদের সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে,
আর্ন্তজাতিক সন্ত্রাসবাদের সঙ্গে তাদের সম্পর্ক নাই। এরপর
ভালভাবে বলতে হবে যে, আপনাদের (আওয়ামী লীগ) কাছে আমাদের
একটি নিবেদন আছে। এরপর আলোচনা হতে পারে।’ মঙ্গলবার রাজধানীর
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি
আয়োজিত ‘গণতন্ত্রের অগ্রযাত্রা ও সাফল্যের ১বছর বাংলাদেশ আওয়ামী লীগের’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এইচ টি ইমাম বলেন, ‘সংবিধানের
মধ্যেই অনেক কিছু সংযোজন করা যেতে পারে। সংবিধানের মধ্যে থেকেই আলোচনা হলে হতে
পারে। তবে আপনাদের (বিএনপি) লিখে দিতে হবে, যে সন্ত্রাসী
কর্মকাণ্ড থেকে আমরা বিদায় নিচ্ছি, আমরা কোনো সন্ত্রাসী
কর্মকাণ্ড করব না।’ প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক
উপদেষ্টা আরো বলেন,
‘আলোচনার কথা বলেন, আলোচনা কার সঙ্গে
করব। আলোচনা হতে পারে, যে রাষ্ট্রের অস্তিত্বের মূলনীতির
সঙ্গে বিশ্বাসী তার সঙ্গে। কিন্তু কোনোক্রমে আততায়ী ও দুস্কৃতিকারীর সঙ্গে আলোচনা
হতে পারে না।’ সরকার যখন ইচ্ছা তখন নির্বাচন দিতে পারে উল্লেখ
করে ইমাম বলেন, ‘সেটা চার বছর পরেও হতে পারে তার আগেও দিতে পারে। কিন্তু এটি নির্ভর
করছে সরকারের উপর। আমরা বিএনপিকে নির্বাচনে আসতে বলেছিলাম। কিন্তু নির্বাচনে
আসেননি। এই ভুলটা করার পরে তারা নিজেদের চুল নিজেরাই ছিড়ছেন। আর তার আক্রোশ ঝাড়ছেন
আওয়ামী লীগ ও জনগণের উপর।’ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য
সচিব ড. হাছান মাহমুদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, নিরাপত্তা
বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল, একাত্তর টিভির চেয়ারম্যান
মোজ্জামেল বাবু।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন
করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান। এ সেমিনার পরিচালনা
করেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল। এ সময় আরো
উপস্থিত ছিলেন সুজিত রায় নন্দী, ছাত্রলীগ সভাপতি
এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন