জনপ্রিয় ডেস্ক : শিক্ষার্থীদের
দুর্বার আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছে
সরকার। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অর্থ মন্ত্রণালয় থেকে
বিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্ত জানানো হয়। এরপর থেকেই প্রশ্ন ওঠে যেসব বিশ্ববিদ্যালয়
ভ্যাট হিসেবে অতিরিক্ত অর্থ নিয়েছে, সেসবের কী হবে? এ
বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভূমিকা রাখবে বলে জানা গেছে। ভ্যাট
হিসেবে নেয়া টাকা ফেরত দিতে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে ভ্যাটের টাকা
ফেরত দেয়ার বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ইউজিসি
সূত্র জানায়, অনুমোদিত ৮৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৫টি বিশ্ববিদ্যালয় গত
তিন মাস শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট বাবদ অতিরিক্ত অর্থ গ্রহণ করেছে। ওই
বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থীদের কাছ থেকে ২৫ কোটি টাকা আদায়
করা হয়েছে। এ বিষয়ে ইউজিসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান
অধ্যাপক মোহাব্বত খান গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু ভ্যাট বাতিল করা হয়েছে, তাই আদায় করা টাকা ফেরত দিতে হবে।
আমাদের হিসেবে মতে ৬৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাট বাবদ ২৫ কোটি টাকা গ্রহণ
করেছে। সবার সঙ্গে আলোচনার পর কোন পদ্ধতিতে এই টাকা ফেরত দেয়া হবে, সে সিদ্ধান্ত নেয়া হবে।’ এদিকে ভ্যাট হিসেবে গ্রহণ করা
অর্থ ফেরতের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়
মালিক সমিতির সভাপতি শেখ কবির হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাংলামেইলকে বলেন, ‘ভ্যাট হিসেবে
গ্রহণকৃত অর্থ ফেরতের বিষয়ে এখনো পর্যন্ত আমরা কোনো লিখিত নির্দেশনা পাইনি। অর্থ
মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর কিংবা ইউজিসি কোনো পক্ষই আমাদেরকে কিছু
জানায়নি। নির্দেশনা পাওয়ার পর আমরা কী উপায়ে ফেরত দেবো সে বিষয়ে সিদ্ধান্ত নেবো।’
২৫ কোটি টাকা আদায়ের বিষয়ে
তিনি বলেন, ‘আমি জানি না, কীভাবে
ইউজিসি এ হিসেব করেছে। কারণ, যারা ভ্যাট নিয়েছে তাদের
মধ্যে অনেক ছোট বিশ্ববিদ্যালয় রয়েছে। যারা ভ্যাট নিয়েছে তাদের অনেকেরই ছাত্র নেই।
যাই হোক সিদ্ধান্ত আসার পরেই মূল সিদ্ধান্ত হবে।’ এদিকে, শিক্ষার্থীদের
আন্দোলনের সময় এনবিআর সংবাদ বিজ্ঞপ্তি দেয়- ভ্যাট শিক্ষার্থীরা, কর্তৃপক্ষ দেবে। এরপর প্রথমে ব্রাক ইউনিভার্সিটি ও পরে ইস্ট ওয়েস্ট
ইউনিভার্সিটি শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাটের নামে নেয়া অর্থ ফেরত দেয়ার সিদ্ধান্ত
জানায়। এছাড়াও ভ্যাট প্রত্যাহারের পর থেকে নর্থ-সাউথ
ইউনিভার্সিটি টিউশন ফি’র ওপরে কোনো ভ্যাট নিচ্ছে না বলে জানান এক শিক্ষার্থী। তবে আগেই
নেয়া অর্থের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন