
জনপ্রিয় ডেস্ক : বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের স্বেচ্ছাচারী
কর্মকান্ডে দেশবাসী যখন অতিষ্ঠ তখন সরকার আরো বেপরোয়া হয়ে জনগণ ও বিরোধী দলীয়
নেতা-কর্মীদের দমাতে হিংস্র হয়ে উঠেছে। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। যশোর
জেলা বিএনপি ৪২ নেতাকর্মী আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন বাতিল করে জেলে
প্রেরণের প্রতিবাদে এ বিবৃতি দেন তিনি। মির্জা আলমগীর বলেন, সরকার তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই বিরোধী দলীয়
নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে বর্বরোচিত নির্যাতন
চালাচ্ছে। চারদিকে হত্যা, গুম, অপহরণ করে আতঙ্ক সৃষ্টি করে গোটা রাষ্ট্রকে এক ভয়াল নগরীতে
পরিণত করা হয়েছে। তিনি বলেন, এসব ন্যাক্কারজনক অপকর্মের
একমাত্র লক্ষ্যই হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীরা যেন বর্তমান অবৈধ সরকারের
স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কার্যকলাপসহ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ
গড়ে তুলতে না পারে। কিন্তু এসব অপকর্ম করে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারীরা
নিজেদের রক্ষা করতে পারবে না।মির্জা আলমগীর বলেন, যশোর জেলা বিএনপি’র সদস্য অনিন্দ্য ইসলাম অমিত
এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপি’র ৪২ জন নেতা-কর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন
আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনা ভোটারবিহীন অবৈধ ও গণবিচ্ছিন্ন সরকারের
ধারাবাহিক অপকর্মেরই অংশ। ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা
প্রত্যাহার দাবি করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন