জনপ্রিয় ডেস্ক : অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং জাহাজ তৈরি
খাতে স্পেনের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনের
বিদায়ী রাষ্ট্রদূত লুইস তেজাদা ক্যাকন বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার
কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস
সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের একথা জানান। খবর বাসসের । তিনি বলেন,
'প্রধানমন্ত্রী বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান সম্পর্কে সন্তোষ
প্রকাশ করে বলেছেন, বিদায়ী রাষ্ট্রদূতের ৪ বছরের
কার্যকালে এই সম্পর্ক আরও জোরদার হয়েছে।' প্রধানমন্ত্রীর
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশে সাফল্যের
সঙ্গে দায়িত্ব পালনের জন্য লুইস তেজাদার প্রশংসা করে তার মাধ্যমে স্পেনের
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। শেখ হাসিনা কৃষি, শিক্ষা,
স্বাস্থ্য, আইসিটি, বিদ্যুৎ ও জ্বালানি এবং নারী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের
ব্যাপক সাফল্য তুলে ধরেন বলেও জানান প্রেস সচিব। শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর সুসংহত ও গভীর করতে দু'দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। বিদায়ী
রাষ্ট্রদূত তার দায়িত্বপালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে
বলেন, 'আমি আমার কার্যকালে বাংলাদেশে সুন্দর সময় অতিবাহিত
করেছি।' প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পেনের
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অবহিত করেন রাষ্ট্রদূত। তেজাদা ক্যাকন শেখ হাসিনার গতিশীল
ও বিচক্ষণ নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান সাফল্যের ভূয়সী প্রশংসা
করে বলেন, 'বিশেষ করে জিডিপি'র
ক্রমবিকাশমান প্রবৃদ্ধির ফলশ্রুতিতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন
করেছে।'
তিনি বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা সমাধানে কুইক রেন্টাল
বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রশংসা করে বলেন, 'এসব বিদ্যুৎকেন্দ্র জিডিপি প্রবৃদ্ধির স্থিতিশীলতা নিশ্চিত করেছে।' স্পেনের রাষ্ট্রদূত জানান, তার দেশের
কোম্পানিগুলো বাংলাদেশে অবকাঠামো, বিদ্যু ও জ্বালানিসহ
অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহী। এছাড়া বাংলাদেশে বিনিয়োগকারী স্পেনের
কোম্পানিগুলোও তাদের ব্যবসায় সম্প্রসারণ করবে।
তেজাদা ক্যাকন ব্যবসায় ও বাণিজ্যের পাশাপাশি দু'দেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক
জোরদারেও গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও প্রেস
সচিব এ কে মে শামীম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন